🏷️ বরিশাল

বাবুগঞ্জে এবি পার্টির ফুয়াদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্রদলের

📍 : বরিশাল প্রতিনিধি

| 📅 7 December, 2025, 9:47 pm

0Shares

মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে নিজের নির্বাচনি এলাকা বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনেই ছাত্রদলের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁকে বাবুগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদের পশ্চিম তীরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেতুর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দিতে এসে ব্যারিস্টার ফুয়াদকে দেখামাত্র ছাত্রদলের একদল নেতা-কর্মী তাঁকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন।

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন বলেন, “ব্যারিস্টার ফুয়াদ গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন যে, বাবুগঞ্জের সাধারণ মানুষ চাঁদাবাজ এবং মীরগঞ্জ সেতুর চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছে। এটা অত্যন্ত অশোভনীয় ও মিথ্যা অপপ্রচার। এর প্রতিবাদে আমরা তাঁকে ঘিরে স্লোগান দিয়েছি এবং বাবুগঞ্জে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।”

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এদিন সকালেই সড়ক ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফউজুল কবির খান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন যৌথভাবে সেতুটির ভিত্তিফলক উন্মোচন করেন।