🏷️ বরিশাল

বাসদের ‘মানবতার বড়দিন’

📍 : নিজস্ব প্রতিবেদক

| 📅 25 December, 2025, 7:17 pm

0Shares

বড়দিন মানেই আনন্দ, ভালোবাসা আর ভ্রাতৃত্বের মিলনমেলা। সেই চিরাচরিত বার্তাকেই সামনে রেখে বরিশালে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বড়দিন উপলক্ষে বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে বিভিন্ন খ্রিস্টান কলোনীতে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজন করা হয় ‘মানবতার বড়দিন’ উৎসব।

উৎসবের দিনে বরিশাল নগরীর ইছাকাঠি, কাউনিয়া, মতাসার, গোলপুকুর, জিয়ানগর, কলেজ রো এবং ব্যাপ্টিস্ট চার্চ এলাকার খ্রিস্টান কলোনীগুলো হয়ে ওঠে উৎসবমুখর। শিশুদের হাসি, বড়দিনের কেক, শুভেচ্ছাসামগ্রী আর আন্তরিক শুভেচ্ছা বিনিময়ে কলোনীগুলোতে ছড়িয়ে পড়ে আনন্দের আবহ।

এ সময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য নাসির উদ্দীন প্রিন্স, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার আহ্বায়ক সুজন আহমেদ, সাধারণ সম্পাদক ফারজানা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ শিশুদের সঙ্গে বড়দিনের কেক কাটেন, শুভেচ্ছাসামগ্রী বিতরণ করেন এবং কলোনীবাসীর সঙ্গে বড়দিনের আনন্দ ভাগ করে নেন। উৎসবের এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে আরও দৃঢ় করার একটি প্রয়াস বলেই মনে করেন আয়োজকেরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উৎসব মানুষের মধ্যে আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ তৈরি করার কথা। কিন্তু বাস্তবতায় একদিকে উৎসব অনেক সময় বৈষম্যের প্রদর্শনীতে রূপ নেয়, অন্যদিকে উগ্র সাম্প্রদায়িকতার কারণে উৎসব পালনে শঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে সামনে আনা জরুরি।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ। এখানে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই চেতনাই আমাদের শক্তি। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের উৎসবে একে অপরের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা।

কলোনীবাসীর সঙ্গে বড়দিনের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে বাসদ ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সংহতির কর্মসূচি অব্যাহত রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

মানবতার বড়দিনের এই আয়োজন যেন মনে করিয়ে দেয়; উৎসবের আসল সৌন্দর্য লুকিয়ে আছে বিভাজন নয়, বরং মানুষের সঙ্গে মানুষের বন্ধনে।