🏷️ জাতীয়

ঢাকায় হাদী হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ঘোষণা

📍 : জনগণ ডেস্ক

| 📅 25 December, 2025, 8:35 pm

0Shares

শহীদ ওসমান হাদীর প্রকৃত খুনিদের গ্রেফতার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জুলাই সনদের পক্ষে গণভোটে জনমত তৈরির লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি শুক্রবার ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই-এর সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, শহীদ ওসমান হাদিসহ সব হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত খুনিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

বৈঠকে পীর সাহেব চরমোনাই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের এখনও আইনের আওতায় আনতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।