🏷️ বরিশাল

তারুণ্যের মানবিক স্পর্শে ফিরল একজন হারানো মানুষের মর্যাদা

📍 : বরিশাল প্রতিনিধি 

| 📅 25 April, 2026, 7:50 pm

0Shares

বরিশালের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের অগ্রযাত্রা” তাদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দকে কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে সংগঠনটি বেছে নিয়েছে মানবসেবার পথ।

শুক্রবার (২৪ এপ্রিল) বরিশালের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ব্যক্তির মানবিক মর্যাদা পুনরুদ্ধারে এগিয়ে আসেন সংগঠনের সদস্যরা। তারা ওই ব্যক্তির চুল ও দাড়ি কাটিয়ে দেন, স্নানের ব্যবস্থা করেন এবং তাকে নতুন পোশাক পরিয়ে দেন। পাশাপাশি দুপুরের খাবারও পরিবেশন করা হয় তাকে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মানবিক কার্যক্রম তারা সারা বছরই নিয়মিতভাবে পরিচালনার চেষ্টা করে থাকে। তবে সংগঠনের অধিকাংশ সদস্য শিক্ষার্থী হওয়ায় আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না।

সংগঠনের নেতৃবৃন্দ সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা এ ধরনের মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, “তারুণ্যের অগ্রযাত্রা” দীর্ঘ পাঁচ বছর ধরে বরিশালে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। তরুণ প্রজন্মের এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন।