🏷️ খুলনা

গল্লামারী সেতুর নির্মাণকাজ পুনরায় চালুর দাবি

📍 : খুলনা সংবাদদাতা

| 📅 3 December, 2025, 1:17 pm

0Shares

খুলনার ময়ূর নদের ওপর বন্ধ গল্লামারী সেতুর নির্মাণকাজ পুনরায় চালুর দাবিতে একঘণ্টার অচল কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর আমরা খুলনাবাসী এই কর্মসূচি আয়োজন করে।

কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তারা দাবি করেন, অবিলম্বে জনগুরুত্বপূর্ণ ব্রিজটির নির্মাণ কাজ শেষ করে জনভোগান্তি নিরসন করা হোক। তবে কর্মসূচী চলাকালে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে, যার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়।

বক্তারা বলেন, নগরীর প্রধান প্রবেশদ্বার গল্লামারীর ব্রিজটি নির্মাণ না হওয়ায় প্রতিদিন লাখো মানুষ ভোগান্তির মুখে পড়ছে। তীব্র যানজটের কারণে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এই নিয়ে খুলনার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আন্দোলনের মাধ্যমে দ্রুত কাজ সমাপ্তির দাবি জানালেও সড়ক বিভাগের টনক নড়ছে না। সওজ বিভাগ বারবার কাজ চালুর প্রতিশ্রুতি দিলেও প্রকল্প পুনরায় শুরু হচ্ছে না।

নেতৃবৃন্দ বলেন, গল্লামারীর ব্রিজ নির্মাণের জন্য ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড-কে ৬৭ কোটি ৭৭ লাখ টাকার কার্যাদেশ দেয় সড়ক বিভাগ। এরপর ২০২৩ সালের ১৫ নভেম্বর আগের সেতুটি ভাঙার কাজ শুরু হয়। নতুন সেতুর নির্মাণকাজের মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ হয়নি। হঠাৎ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর সেতুর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

নেতৃবৃন্দ আরও জানান, নির্মাণকাজ বন্ধ হওয়ার পর কাজ সমাপ্তির মেয়াদ ২০২৫ সালের ৩০ মার্চ পর্যন্ত দ্বিতীয় দফায় বাড়ানো হয়। এরপর ২০২৫ সালের মে মাসের মধ্যেই কাজ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু কাজ পুনরায় শুরু হয়নি। আন্দোলনের মুখে সড়ক বিভাগ আবারও কাজ শুরুর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।

কর্মসূচিতে আমরা খুলনাবাসী-এর সভাপতি ডা. মোহম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস. এম. মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃহত্তর উন্নয়ন সংগ্রাম কমিটির নিজামুর রহমান লালু, মহানগর জামায়াত ইসলামের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, সিপিবির মিজানুর রহমান বাবু, ইসলামী আন্দোলনের মহানগর সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, নাগরিক ফোরামের ইকবাল হোসেন তুহিন, এস. এম. সোহরাব হোসেন, জামাল মোড়ল, সিরাজ উদ্দিন সেন্টু প্রমুখ।